দেশে প্রথমবারের মতো পুরোনো ল্যাপটপ বা ডেস্কটপ পরিবর্তন করে নতুন গেমিং ও গ্রাফিক্স পিসি কেনার সুযোগ নিয়ে এসেছে এক্সচেঞ্জকরি লিমিটেড ও স্টার টেক লিমিটেড। ‘পাওয়ার আপ ইয়োর গেইম’ শীর্ষক এই বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে গেমিং কমিউনিটি এখন আরও সহজে তাদের পুরোনো ডিভাইস আপগ্রেড করতে পারবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক্সচেঞ্জকরি জানায়, গ্রাহকরা এখন এক্সচেঞ্জকরির পোর্টালে (www.exchangekori.com) তাদের ব্যবহৃত ল্যাপটপ বা ডেস্কটপের তথ্য জমা দেওয়ার পাশাপাশি স্টার টেকের ওয়েবসাইট থেকে পছন্দের নতুন গেমিং পিসি বা যন্ত্রাংশ বাছাই করতে পারবেন। পুরোনো ডিভাইসের নির্ধারিত মূল্য নতুন পণ্যের দাম থেকে সমন্বয় করা হবে।
এ ক্যাম্পেইনের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ দুটি পুরোনো ডিভাইস জমা দিয়ে একটি নতুন গেমিং বা গ্রাফিক্স পিসি ক্রয়ের সুবিধা পাবেন। চূড়ান্ত মূল্যায়নের জন্য গুলশান-তেজগাঁও লিংক রোড, মিরপুর ও ধানমন্ডিতে অবস্থিত এক্সচেঞ্জকরির ডিল সেন্টারগুলো থেকে সেবা নেওয়া যাবে।
এক্সচেঞ্জকরি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, “গ্রাহকদের দীর্ঘদিনের চাহিদা থাকা সত্ত্বেও পর্যাপ্ত নতুন পণ্য না থাকায় আমরা আগে সেবাটি শুরু করতে পারিনি। তবে স্টার টেকের শক্তিশালী পণ্যসম্ভার আমাদের এই উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করেছে। এখন গ্রাহকরা সহজেই তাদের পুরোনো ডিভাইস বদলে স্বপ্নের গেমিং পিসি গ্রহণ করতে পারবেন।”
তিনি আরও বলেন, এই উদ্যোগটি শুধু গেমিং কমিউনিটির প্রযুক্তিগত উন্নয়নই নয়, বরং ইলেকট্রনিক্স পুনঃব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষাতেও অবদান রাখবে।
