চালকদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে ‘সি টু বি সেফ (See to be Safe)’ নামে একটি নতুন সামাজিক সচেতনতামূলক উদ্যোগ চালু করেছে উবার বাংলাদেশ। পরিবহন পেশাজীবীদের চোখের স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে সড়ক নিরাপত্তা জোরদার করাই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উবার বাংলাদেশ জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান ভিশন স্প্রিং–এর সঙ্গে যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করা হবে। উদ্যোগটির আওতায় ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে উবার চালকদের জন্য বিনা মূল্যে চোখ পরীক্ষা এবং স্বল্পমূল্যে মানসম্মত চশমা সরবরাহ করা হবে।
উবার বাংলাদেশের যাত্রা শুরুর ৯ বছর পূর্তি উপলক্ষে চলতি সপ্তাহেই ‘সি টু বি সেফ’ কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। উবারের তথ্যমতে, বাণিজ্যিক যানবাহনের উল্লেখযোগ্য সংখ্যক চালক বিভিন্ন দৃষ্টিজনিত সমস্যায় ভুগছেন, যা সরাসরি তাদের দৃষ্টিসীমা, প্রতিক্রিয়া সময় এবং নিরাপদ গাড়ি চালানোর সক্ষমতাকে প্রভাবিত করে।
এ বিষয়ে উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস বলেন,
“সড়ক নিরাপত্তা উবারের অন্যতম প্রধান অগ্রাধিকার। নিরাপদে গাড়ি চালানোর জন্য সুস্থ দৃষ্টিশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিষয়টি প্রায়ই উপেক্ষিত থেকে যায়। ভিশন স্প্রিংয়ের সঙ্গে এই যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের চালকদের স্বাস্থ্য ও নিরাপত্তায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ করছি।”
ভিশন স্প্রিং বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিশা মাহজাবীন বলেন,
“উবার বাংলাদেশের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। চালকদের চোখ পরীক্ষা ও চশমা সুবিধা নিশ্চিত করার মাধ্যমে এই উদ্যোগ সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে সহায়তা করবে এবং একই সঙ্গে চালকদের কর্মক্ষমতা ও আয় বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।”
উবার বাংলাদেশের এ উদ্যোগ সড়ক নিরাপত্তা, চালকদের স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
