বৃহস্পতির চাঁদ ইউরোপায় মাকড়সাসদৃশ রহস্যময় কাঠামোর সন্ধান

বৃহস্পতির চাঁদ ইউরোপায় মাকড়সাসদৃশ রহস্যময় কাঠামোর সন্ধান

বৃহস্পতি গ্রহের চাঁদ ইউরোপায় মাকড়সার মতো দেখতে এক ধরনের অদ্ভুত ও দীর্ঘস্থায়ী কাঠামোর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার গবেষকদের একটি দল গ্যালিলিও মহাকাশযানের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এই কাঠামোর অস্তিত্ব শনাক্ত করে। নতুন এই আবিষ্কার ইউরোপার বরফের নিচে লুকিয়ে থাকা লবণাক্ত পানির অস্তিত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দিতে পারে বলে মনে করছেন গবেষকেরা।

বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী, ইউরোপার বিভিন্ন ক্রেটার অঞ্চলে দেখা পাওয়া এই মাকড়সাসদৃশ কাঠামোর নাম দেওয়া হয়েছে ‘ধামহান এল্লা’, যা মাকড়সার একটি আইরিশ নাম। আকৃতিতে এটি মঙ্গল গ্রহে শনাক্ত মাকড়সা সদৃশ গঠনের সঙ্গে মিল থাকলেও প্রকৃতিগতভাবে ভিন্ন। মঙ্গলের এসব কাঠামো মৌসুমি হলেও ইউরোপার কাঠামোগুলো কয়েক দশক ধরে অপরিবর্তিত রয়েছে।

গবেষণা দলের প্রধান লরেন ম্যাককিউন জানান, ক্রেটার সৃষ্টির সময় উৎপন্ন তাপে বরফের নিচের লবণাক্ত পানি গলে যায়। পরে সেই পানি জমে প্রসারিত হলে বরফের স্তরে ফাটল সৃষ্টি হয় এবং ভেতরের পানি শূন্য মহাশূন্যে বেরিয়ে এসে নতুন বরফের স্তর তৈরি করে, যা মাকড়সার পায়ের মতো চারদিকে ছড়িয়ে পড়ে। লবণের উপস্থিতির কারণে এই বরফ আশপাশের বরফের তুলনায় গাঢ় রঙের দেখা যায়।

বিজ্ঞানীরা আশা করছেন, আসন্ন ইউরোপা ক্লিপার মিশনে এ ধরনের আরও কাঠামো শনাক্ত হলে ইউরোপার ভূগর্ভস্থ লবণাক্ত পানির আধার ও সম্ভাব্য প্রাণের পরিবেশ সম্পর্কে আরও নিশ্চিত তথ্য পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *