জলবায়ু পরিবর্তনের প্রভাবে আচমকা ঝড়–বৃষ্টি, বজ্রপাত, দমকা হাওয়া এখন বৈশ্বিক জনজীবনকে ব্যাপকভাবে বিপর্যস্ত করছে। বাংলাদেশেও সাম্প্রতিক সময়ে ভূমিকম্প আতঙ্ক নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এসব পরিস্থিতিতে আবহাওয়া ও পরিবেশ–সংক্রান্ত তথ্য আগেভাগে জানা মানুষের প্রয়োজনীয়তার তালিকায় শীর্ষে উঠে এসেছে।
প্রযুক্তির অগ্রগতির ফলে এখন ত্রিমাত্রিক (৩ডি) ভিজ্যুয়ালসহ নানা ডিজিটাল অ্যাপ থেকে পাওয়া যাচ্ছে আবহাওয়ার নানামুখী তথ্য। শুধুমাত্র তাপমাত্রা দেখা পর্যন্ত আগ্রহ সীমাবদ্ধ নেই; বরং দুর্যোগ, একিউআই, অ্যালার্জি–উদ্দীপক উপাদান, বৃষ্টি, দমকা হাওয়া কিংবা তুষারপাত—সবকিছুরই রিয়েল–টাইম পূর্বাভাস জানার চাহিদা বেড়েছে বহুগুণ।
অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই প্ল্যাটফর্মেই বর্তমানে বেশ কিছু নির্ভরযোগ্য ওয়েদার অ্যাপ জনপ্রিয়তা পেয়েছে। দ্য ওয়েদার চ্যানেল ও অ্যাকুওয়েদার সবচেয়ে পরিচিত, যা ঘণ্টাভিত্তিক পূর্বাভাস, বাস্তব অনুভূত তাপমাত্রা (Feels Like), একিউআইসহ বিস্তারিত তথ্য অঞ্চলভেদে দেখায়। ব্যবহারকারীরা চাইলে প্রতি ঘণ্টার আলাদা ট্রেন্ড বা আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের রিয়েল–টাইম নোটিফিকেশনও পেতে পারেন।
বিদেশ ভ্রমণকারীদের জন্য ১৫ দিন আগের আবহাওয়ার পূর্বাভাস জানার সুবিধাও রয়েছে। ঝড়–বৃষ্টির আগাম সতর্কতা দেওয়ার জন্য সবচেয়ে দ্রুততর হিসেবে পরিচিত ওয়েদারবাগ (WeatherBug)। অন্যদিকে ওয়ান ওয়েদার (One Weather) ইন্টারেক্টিভ রাডার ম্যাপ ব্যবহার করে ঝড় কিংবা বৃষ্টির গতিপ্রকৃতি স্পষ্টভাবে দেখায়। ব্যবহারকারীর দেওয়া শর্ত অনুযায়ী নির্দিষ্ট এলাকায় সম্ভাব্য ঝড় বা বিপদ সম্পর্কে আগেই ‘ওয়ার্নিং অ্যালার্ট’ পৌঁছে দেয়।
বিশ্বের বিভিন্ন দেশের স্থানীয় আবহাওয়া সরাসরি (লাইভ) দেখার সুবিধা দিচ্ছে মেটোম্যাটিক্স ওয়েদার অ্যাপ। পাশাপাশি নতুন কিছু অ্যাপ সূক্ষ্মভাবে বায়ুর মান, ইউভি ইনডেক্স বা বৃষ্টিপাতের সম্ভাবনা অত্যন্ত নির্ভুলভাবে প্রদর্শন করে। চাইলে ব্যবহারকারী কাস্টম অ্যালার্ট সেট করতে পারেন—যেমন শব্দদূষণ, অতিরিক্ত গরম, বায়ুদূষণ, ভারী বৃষ্টি কিংবা বজ্রপাতের সতর্কতা।
এখন অনেক অ্যাপেই পাওয়া যাচ্ছে স্যাটেলাইট ভিউ, লাইভ স্টর্ম ট্র্যাকিং ও মিনিট–ভিত্তিক নোটিফিকেশন সুবিধা। ফলে দৈনন্দিন পরিকল্পনা থেকে শুরু করে বিদেশ যাত্রা—সব ক্ষেত্রে আবহাওয়ার ঝুঁকি মোকাবিলায় এগুলো বিশেষ ভূমিকা রাখছে।
