চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার আধিপত্য ভাঙতে গুগল ঘোষণা দিয়েছে নিজেদের তৈরি সবচেয়ে শক্তিশালী এআই চিপ তৈরির। সপ্তম প্রজন্মের টেনসর প্রসেসিং ইউনিট (TPU) চিপটির নাম ‘আয়রনউড’, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে।
গুগল জানায়, একসঙ্গে ৯,২১৬টি টিপিইউ সংযুক্ত করে একটি বিশেষ ‘পড’ তৈরি করা যায়, যা বৃহৎ এআই মডেল পরিচালনার সময় ডেটা বটলনেক বা তথ্যপ্রবাহের জটিলতা দূর করতে সক্ষম। আগের প্রজন্মের তুলনায় আয়রনউড চিপ চার গুণ বেশি কর্মক্ষম।
এআই প্রতিষ্ঠান Anthropic তাদের Claude ল্যাংগুয়েজ মডেল চালানোর জন্য প্রায় ১০ লাখ আয়রনউড চিপ ব্যবহার করবে বলে জানিয়েছে।
বর্তমানে এআই বাজারে গুগল, মাইক্রোসফট, অ্যামাজন ও মেটা–এর মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। যদিও এখনো বেশির ভাগ বড় মডেল এনভিডিয়ার জিপিইউ–নির্ভর, গুগলের টিপিইউ দ্রুত জনপ্রিয় হচ্ছে গতি, দক্ষতা ও খরচ সাশ্রয়ের সুবিধার কারণে।
এছাড়া, গুগল তাদের ক্লাউড প্ল্যাটফর্মেও নতুন আপগ্রেড আনছে—যা সেবাকে আরও দ্রুত, নমনীয় ও সাশ্রয়ী করবে।
২০২৫ সালের প্রথম ৯ মাসে গুগল ক্লাউডের আয় ১৫.১৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩৪% বেশি প্রবৃদ্ধি। গুগল ইতিমধ্যে ৯৩ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে চাহিদা মেটাতে।
গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন,
“আমরা আমাদের এআই অবকাঠামোর ব্যাপক চাহিদা লক্ষ্য করছি। সেটি টিপিইউ–ভিত্তিক হোক বা জিপিইউ–ভিত্তিক—এই প্রবৃদ্ধিই আমাদের ভবিষ্যতের বড় চালিকা শক্তি।”
