গুগলের জনপ্রিয় ই–মেইল সেবা জিমেইলে যুক্ত হয়েছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচার ‘হেল্প মি রাইট’। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই দ্রুত ও পেশাদার মানের ই–মেইল লিখতে পারবেন। একটি সংক্ষিপ্ত নির্দেশনা বা প্রম্পট দিলেই এআই স্বয়ংক্রিয়ভাবে ই–মেইলের খসড়া তৈরি করে দেবে।
শুধু নতুন ই–মেইল লেখাই নয়, আগে লেখা ই–মেইলের ভুল সংশোধন, ভাষা পরিমার্জন, লেখার দৈর্ঘ্য কমানো বা বাড়ানোতেও সাহায্য করবে এই ফিচার। তবে ব্যবহারকারীর ব্যক্তিগত লেখার ধরন বা স্টাইল অপরিবর্তিত থাকবে—এটাই এর অন্যতম বৈশিষ্ট্য।
হেল্প মি রাইট কী
‘হেল্প মি রাইট’ হলো গুগলের একটি জেনারেটিভ এআই টুল, যা প্রথম উন্মোচন করা হয় গুগল আই/ও ২০২৩–এ। বর্তমানে এটি ওয়েব, অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণের জিমেইলে ব্যবহার করা যাচ্ছে। এই ফিচারটি গুগলের এআই প্ল্যাটফর্ম জেমিনাই (Gemini) দ্বারা পরিচালিত।
এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ই–মেইলের ভঙ্গি, ভাষা ও দৈর্ঘ্য নিজের প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারবেন। চাইলে ই–মেইলকে আরও সংক্ষিপ্ত, বিস্তারিত কিংবা পেশাদার রূপেও সাজানো যাবে।
যেভাবে ব্যবহার করবেন
বর্তমানে এই সুবিধাটি গুগল ওয়ার্কস্পেস ল্যাবসের পরীক্ষামূলক ব্যবহারকারী এবং নির্দিষ্ট ওয়ার্কস্পেস বা জেমিনাই প্ল্যানের গ্রাহকদের জন্য উন্মুক্ত।
ব্যবহার করতে হলে—
-
প্রথমে নিশ্চিত করতে হবে জিমেইলের অ্যাপ বা ওয়েব সংস্করণ হালনাগাদ আছে কি না।
-
ই–মেইল লেখার সময় যোগ্য ব্যবহারকারীরা ‘Help me write’ বাটন দেখতে পাবেন।
-
নতুন ই–মেইল লিখতে ‘কম্পোজ’ ক্লিক করে ‘হেল্প মি রাইট’ নির্বাচন করতে হবে।
-
এরপর সংক্ষিপ্ত নির্দেশনা দিলেই এআই ই–মেইলের খসড়া তৈরি করে দেবে।
-
আগে লেখা খসড়া উন্নত করতে ‘রিফাইন’ অপশন ব্যবহার করে ভাষা, ভঙ্গি বা দৈর্ঘ্য পরিবর্তন করা যাবে।
খসড়া পছন্দ না হলে পুনরায় তৈরি করার সুযোগও রয়েছে। এআই খসড়া দেওয়ার পর ব্যবহারকারী নিজে সম্পাদনা করতে পারবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত সব সময় ব্যবহারকারীর হাতেই থাকবে।
