টিকটকে এআই কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন সুবিধা চালু

টিকটকে এআই কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন সুবিধা চালু

ব্যবহারকারীর ভিডিও ফিডে এআই-নির্মিত কনটেন্টের পরিমাণ নিয়ন্ত্রণে নতুন একটি ফিচার পরীক্ষা চালাচ্ছে টিকটক। নতুন যুক্ত করা এই স্লাইডার ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা নির্ধারণ করতে পারবেন—তাঁরা এআই তৈরি ভিডিও বেশি দেখতে চান, নাকি কম।

টিকটকের ‘Manage Topics’ অংশে এআই কনটেন্ট নিয়ন্ত্রণ স্লাইডারটি যোগ হবে। যেখানে ইতোমধ্যে নাচ, সমসাময়িক ঘটনা বা ফিটনেস–সংক্রান্ত ভিডিও কতটা দেখা হবে তা ঠিক করা যায়, সেখানেই নতুন এ স্লাইডার ব্যবহার করা যাবে। স্লাইডারের দুই পাশে থাকবে দুটি করে লেয়ার, যাতে ব্যবহারকারী স্পষ্টভাবে নির্দেশ দিতে পারবেন—এআই কনটেন্ট বাড়ানো হবে, নাকি কমানো হবে।

এ সুবিধা কার্যকর করতে টিকটকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কোন ভিডিওটি এআই দিয়ে তৈরি—তা সঠিকভাবে শনাক্ত করা। এ কারণেই প্রতিষ্ঠানটি এআই কনটেন্ট শনাক্তকরণ প্রযুক্তি আরও উন্নত করছে। অনেক ব্যবহারকারী দৃশ্যমান ওয়াটারমার্ক সরিয়ে ফেলেন, এই বিষয়টি মাথায় রেখে টিকটক ঘোষণা দিয়েছে—তাদের নিজস্ব টুল, যেমন AI Editor Pro দিয়ে তৈরি সব ভিডিওতে অদৃশ্য ওয়াটারমার্ক বাধ্যতামূলক করা হবে।

এ ছাড়া C2PA কনটেন্ট ক্রেডেনশিয়ালসসহ আপলোড হওয়া ভিডিওতেও অদৃশ্য পরিচয়চিহ্ন যুক্ত করা হবে। যদিও এই যাচাইকরণ প্রযুক্তির কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবুও টিকটক এটি নিরাপত্তা বাড়ানোর একটি অতিরিক্ত পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে।

টিকটকের তথ্য অনুযায়ী, অদৃশ্য ওয়াটারমার্ক এবং উন্নত শনাক্তকরণ পদ্ধতি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চালু করা হবে। তবে এআই কনটেন্ট নিয়ন্ত্রণের নতুন স্লাইডারটি আপাতত পরীক্ষামূলকভাবে সীমিতসংখ্যক ব্যবহারকারীর কাছে পৌঁছাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *