মেটা ফেসবুক অ্যাপে নকশাগত বড় পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন এই নকশায় ফিড, সার্চ, নেভিগেশন এবং কনটেন্ট তৈরির অভিজ্ঞতা আরও সহজ ও আকর্ষণীয় হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন ডিজাইনে একাধিক ছবি পোস্ট করলে সেগুলো গ্রিড বিন্যাসে প্রদর্শিত হবে। একই সঙ্গে ফিডে থাকা ছবিতে ডাবল ট্যাপ করে ‘লাইক’ দেওয়ার সুবিধা যুক্ত হচ্ছে। কোনো ছবি বা ভিডিওতে চাপ দিলে তা পুরো পর্দাজুড়ে দেখা যাবে, যা ব্যবহারকারীর ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।
ইনস্টাগ্রামের সাম্প্রতিক ডিজাইনের মতো ফেসবুক অ্যাপেও স্ক্রিনের নিচে স্থায়ী ছয়টি ট্যাব যুক্ত করা হচ্ছে—হোম, রিলস, ফ্রেন্ডস, মার্কেটপ্লেস, নোটিফিকেশন ও প্রোফাইল। এতে প্রয়োজনীয় অপশনে যাওয়া আরও দ্রুত ও স্বচ্ছন্দ হবে।
আরেকটি বড় পরিবর্তন আসছে মেনু ও নোটিফিকেশন ট্যাবের নকশায়। এর ফলে মেটা এআইয়ের বিভিন্ন ফিচার ব্যবহার আরও সহজ হবে। পাশাপাশি অ্যাপের বিভিন্ন সেকশন, পোস্ট এবং বন্ধুদের স্টোরি আগের তুলনায় দ্রুত দেখা যাবে।
ফেসবুক সার্চেও আসছে নতুনত্ব। এখন থেকে সার্চ ফলাফল গ্রিড আকারে প্রদর্শিত হবে, যাতে ছবি, ভিডিও, গ্রুপ, পেজসহ বিভিন্ন ধরনের কনটেন্ট এক জায়গায় দেখা যায়।
মেটা জানায়, অ্যাপে যুক্ত হচ্ছে এক নতুন ডিসকভারি অ্যালগরিদম। এর সাহায্যে ব্যবহারকারীর আগ্রহ ও অবস্থানভেদে নতুন বন্ধুর পরামর্শ দেওয়া হবে। কেউ ভ্রমণের জন্য কোনো শহরের নাম উল্লেখ করলেই সেই এলাকার সম্ভাব্য বন্ধুর তালিকা দেখাবে ফেসবুক। ব্যবহারকারীরা চাইলে তাদের প্রোফাইলে কোন তথ্যগুলো দেখানো হবে, তা নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন।
মোটের ওপর, নতুন নকশা ফেসবুক অ্যাপ ব্যবহারে গতি, সহজতা এবং ভিজ্যুয়াল অভিজ্ঞতা—তিনটিই বাড়িয়ে দেবে বলে মনে করছে মেটা।
