যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক থ্রি মাইল আইল্যান্ড পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার সচল হতে যাচ্ছে। আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তথ্যভান্ডারের ক্রমবর্ধমান বিদ্যুৎচাহিদা পূরণ করতে এই কেন্দ্র পুনরায় চালু করা হচ্ছে।
১৯৭৯ সালে যান্ত্রিক ত্রুটি ও পরিচালনগত ভুলের কারণে কেন্দ্রটির ইউনিট–২ রিঅ্যাক্টরে আংশিক মেল্টডাউন ঘটে। দুর্ঘটনায় দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি বা মৃত্যু না হলেও নিরাপত্তাজনিত উদ্বেগে কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়।
সম্প্রতি এআই প্রযুক্তির পক্ষ থেকে উচ্চক্ষমতাসম্পন্ন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন পড়ায় পারমাণবিক শক্তিকে নির্ভরযোগ্য বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। বড় আকারের ভাষা মডেল প্রশিক্ষণ ও তথ্যভান্ডার পরিচালনায় যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন, তা শুধু সৌরশক্তি বা বায়ুশক্তির মাধ্যমে পূরণ সম্ভব নয়।
এ কারণে পেনসিলভানিয়ায় অবস্থিত থ্রি মাইল আইল্যান্ডের পুনর্নির্মাণ কর্মসূচি শুরু হয়েছে। এরই মধ্যে মাইক্রোসফট রিঅ্যাক্টর থেকে বিদ্যুৎ কেনার জন্য চুক্তি করেছে, যা এআই খাতে পারমাণবিক শক্তির নতুন ব্যবহার সম্ভাবনা উন্মুক্ত করেছে।
ইউনিট–১ রিঅ্যাক্টর থেকে উৎপাদিত শত শত মেগাওয়াট বিদ্যুৎ নিকটবর্তী তথ্যভান্ডারগুলোতে সরবরাহ করা হবে। ২০১৯ সালে কম দামের প্রাকৃতিক গ্যাসের প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ হওয়া রিঅ্যাক্টরের নতুন নাম দেওয়া হয়েছে ক্রেন ক্লিন এনার্জি সেন্টার। সরকারি ঋণ ও বেসরকারি বিনিয়োগে পুনর্নির্মিত এ কেন্দ্র সচল হলে কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোতে টেকসই বিদ্যুৎ সরবরাহে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
