ফিরে দেখা প্রযুক্তিবিশ্ব ২০২৫

প্রযুক্তিবিশ্ব ২০২৫

২০২৫ সাল প্রযুক্তিবিশ্বে এক যুগান্তকারী পরিবর্তনের বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এই বছর শুধু আলোচনার কেন্দ্রে ছিল না, বরং প্রযুক্তি, ব্যবসা, সৃজনশীলতা ও ব্যক্তিগত জীবনের গভীর অংশ হয়ে উঠেছে। একই সঙ্গে বৈদ্যুতিক গাড়ির অগ্রগতি, ডিপফেকের ভয়াবহ বিস্তার, ইউরোপীয় ইউনিয়নের কড়াকড়ি আইন এবং নতুন নতুন প্রযুক্তিপণ্য নিয়ে বছরজুড়ে ছিল আলোড়ন।

২০২৫ সালের প্রযুক্তি দুনিয়ার এমনই ১২টি আলোচিত ঘটনা তুলে ধরা হলো—

১. বৈদ্যুতিক গাড়ির যুগে চীনের দাপট

২০২৫ সালে বৈদ্যুতিক গাড়ি (ইভি) শিল্পে সবচেয়ে বড় সাফল্য দেখিয়েছে চীন। দেশটিতে মোট গাড়ির প্রায় অর্ধেকই এখন ইভি। টেসলা শীর্ষে থাকলেও কম দামে উন্নত প্রযুক্তি দেওয়ায় বিওয়াইডির মতো চীনা কোম্পানিগুলো বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। বিশেষ করে চার্জিং অবকাঠামো ও ফ্রেইট ট্রাকে বিনিয়োগ করে চীন ইভি শিল্পে আধিপত্য আরও মজবুত করেছে।

২. ডিপফেক আতঙ্ক নতুন উচ্চতায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ২০২৫ সালে ভয়াবহ রূপ নেয় ডিপফেক প্রযুক্তির মাধ্যমে। ভুয়া ছবি ও ভিডিও দিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ পর্যন্ত সবাই ঝুঁকিতে পড়েন। মাত্র দুই বছরে ডিপফেক কনটেন্টের সংখ্যা ৫ লাখ থেকে বেড়ে প্রায় ৮০ লাখে পৌঁছায়, যা অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

৩. বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের লাগাম টানল ইউরোপ

ইউরোপীয় ইউনিয়ন এই বছর ডিজিটাল সার্ভিসেস আইন ও ডিজিটাল মার্কেটস আইন কঠোরভাবে প্রয়োগ করে। গুগল, অ্যাপল, মেটা ও এক্সের মতো প্রতিষ্ঠানের ওপর শত শত কোটি ডলারের জরিমানা আরোপ করা হয়। উদ্দেশ্য—বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের একচেটিয়া ক্ষমতা কমানো এবং ব্যবহারকারীদের অধিকার নিশ্চিত করা।

৪. চ্যাটজিপিটির তথ্য ফাঁস নিয়ে শঙ্কা

২০২৫ সালে চ্যাটজিপিটির ব্যবহারকারী সংখ্যা সাপ্তাহিক হিসেবে প্রায় ৭০ কোটিতে পৌঁছায়। তবে বছর শেষে কয়েক হাজার ব্যক্তিগত কথোপকথনের তথ্য অনলাইনে ফাঁস হওয়ার ঘটনায় গোপনীয়তা নিয়ে প্রশ্ন ওঠে। মানসিক স্বাস্থ্য থেকে পারিবারিক সম্পর্ক—ব্যক্তিগত অনেক তথ্য সার্চ ইঞ্জিনে দৃশ্যমান হয়ে পড়ে।

৫. ডিপসিক এআইয়ের চ্যালেঞ্জ

চীনের ডিপসিক গবেষণা প্রতিষ্ঠান তাদের ‘ডিপসিক আর-ওয়ান’ মডেল দিয়ে বিশ্বব্যাপী আলোড়ন তোলে। কম খরচে শক্তিশালী এআই সেবা দিয়ে তারা চ্যাটজিপিটি ও জেমিনির মতো মডেলের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে এবং বৈশ্বিক শেয়ারবাজারেও প্রভাব ফেলে।

৬. অ্যাপলের সবচেয়ে পাতলা আইফোন

অ্যাপল বাজারে আনে আইফোন এয়ার—মাত্র ৫.৬ মিলিমিটার পুরু এই ফোনটি অ্যাপলের ইতিহাসে সবচেয়ে পাতলা। হালকা ও আধুনিক নকশার কারণে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।

৭. জিবলি ইফেক্ট ও ভিনটেজ শাড়ির উন্মাদনা

জেনারেটিভ এআইয়ের কল্যাণে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে স্টুডিও জিবলি স্টাইলের ছবি। পাশাপাশি ৯০ দশকের শাড়ি পরা নারীর এআই–তৈরি ছবিও ভাইরাল হয়, যা প্রযুক্তি ও সংস্কৃতির নতুন মেলবন্ধন তৈরি করে।

৮. উইকিপিডিয়ার বিকল্প গ্রোকিপিডিয়া

ইলন মাস্কের এক্সএআই চালু করে ‘গ্রোকিপিডিয়া’। তবে তথ্যের উৎস ও নির্ভরযোগ্যতা নিয়ে শুরু থেকেই বিতর্কে পড়ে এই প্ল্যাটফর্ম।

৯. ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্ক বিপর্যয়

বিশ্বজুড়ে ইন্টারনেট অবকাঠামোতে বড় ধাক্কা আসে ক্লাউডফ্লেয়ারের সমস্যায়। এতে চ্যাটজিপিটি থেকে শুরু করে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ও গেমিং প্ল্যাটফর্ম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

১০. উইন্ডোজ ১০-এর বিদায়

মাইক্রোসফট উইন্ডোজ ১০-এর সহায়তা বন্ধ করে দেয়, ফলে ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থে উইন্ডোজ ১১-এ যাওয়ার তাগিদ বাড়ে।

১১. ট্রাম্প প্রশাসন ছাড়েন ইলন মাস্ক

বাজেট ও নীতিগত মতবিরোধের কারণে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের প্রধান পদ থেকে সরে দাঁড়ান ইলন মাস্ক।

১২. যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞার নাটক

আইনি জটিলতায় যুক্তরাষ্ট্রে টিকটক সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, এতে প্রায় ১৭ কোটি ব্যবহারকারী ভোগান্তিতে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *